‘লুকিয়ে কিছু করার থাকলে লুকিয়েই করব!’ পরকীয়া ও প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে যা বললেন রণজয় বিষ্ণু!

বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই টলিউডে ভাঙনের গুঞ্জন! রণজয়ের বাহুতে সহ-অভিনেত্রী অভিকা, জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
মাত্র ছয় মাস আগে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কিন্তু হানিমুন তো দূরঅস্ত, বছর ঘুরতে না ঘুরতেই এই তারকা জুটির সম্পর্কে চিড় ধরার গুঞ্জনে তোলপাড় টলিপাড়া। আর এই বিচ্ছেদের নেপথ্যে দায়ী করা হচ্ছে রণজয়ের সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে তাঁর মেলামেশাকে। অফস্ক্রিন তাঁদের এই মাখামাখি নিয়েই যখন সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্ত নেই, ঠিক তখনই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রণজয়।
কী বলছেন অভিনেতা রণজয় বিষ্ণু?
সম্প্রতি রণজয় ও অভিকার একসঙ্গে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই আগুনে ঘি পড়ে। বিশেষ করে সাদা শিফন শাড়িতে রণজয়ের বাহু আঁকড়ে ধরে অভিকার ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে কৌতূহল চরমে ওঠে। এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে রণজয় বলেন, “এর আগেও আমার সঙ্গে ওর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আগে যখন গুড্ডি সিরিয়াল করতাম তখনও হয়েছে। আমি যদি কারও সঙ্গে কফি শপে যাই বলবে প্রেম। এসবের কোনও যৌক্তিকতা নেই। কারও সঙ্গে লুকিয়ে কিছু করার থাকলে লুকিয়েই করব। আবার বলার হলে বলব। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়। ভনিতা করার লোক নই আমি। তারপরেও যদি কেউ ব্যোমকেশ বক্সি হয় তো হবে। আমার আর কিছু বলার নেই।”
তবে পরোক্ষভাবে জল্পনা উস্কে গেলেও স্ত্রী শ্যামৌপ্তির সঙ্গে বর্তমান সম্পর্ক বা বিচ্ছেদ প্রসঙ্গে একটি টু শব্দও খরচ করেননি অভিনেতা। বরং স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আপাতত নিজের কাজ ও কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। সব মিলিয়ে, এই নতুন প্রেমের গুঞ্জন টলিউডের অন্দরে এখন অন্যতম হট টপিক।