কুণাল থেকে দেবাংশু, শুভেন্দুর গড়ে পবিত্র কর! তৃণমূলের ১৪১ জন ‘নতুন মুখ’ কি বদলে দেবে বাংলার রাজনীতির সমীকরণ?

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। গ্ল্যামার জগতের চেনা ছক ভেঙে এবার নিখাদ রাজনীতির ময়দান থেকে উঠে আসা মুখ এবং একঝাঁক ‘তরুণ তুর্কি’র ওপর বাজি ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় স্থান পেয়েছেন ১৪১ জন নতুন মুখ, যাঁদের মধ্যে রয়েছেন আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে অ্যাথলিটও। অন্যদিকে, পারফরম্যান্সের ভিত্তিতে টিকিট কাটা গিয়েছে রাজ্যের ৪ হেভিওয়েট মন্ত্রীসহ একাধিক বিদায়ী বিধায়কের।

সবথেকে বড় চমক উত্তরবঙ্গে। বিজেপির এই শক্তঘাঁটিতে অ্যাথলিট স্বপ্না বর্মন এবং প্রাক্তন কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে ঘাসফুল শিবির। এছাড়াও অর্পিতা ঘোষ এবং রঞ্জন শীল শর্মাকেও বিধানসভার লড়াইয়ে নামানো হয়েছে। নজর কেড়েছে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম, যিনি নোয়াপাড়া থেকে লড়াই করবেন।

কলকাতার বেলেঘাটা থেকে লড়বেন দলের দীর্ঘদিনের মুখপাত্র তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে তৃণমূলের তুরুপের তাস নতুন মুখ পবিত্র কর। পিছিয়ে নেই আইনজীবী মহলও; হুগলি থেকে প্রার্থী হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য, বসুন্ধরা গোস্বামী এবং উলুবেড়িয়া থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিচ্ছে যে, দল এবার অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেল ঘটাতে চাইছে। রাজনৈতিক মহলের মতে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতেই এই ব্যাপক রদবদল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy