কুকুরকে রাখি পরানো নিয়ে তুলকালাম! কৃতি স্যাননের বিতর্কিত বিজ্ঞাপন শেষ পর্যন্ত তুলে নিল সংস্থা

রাখি বন্ধন উৎসবের ঠিক আগে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বলিউড অভিনেত্রী কৃতি স্যানন অভিনীত ওই বিজ্ঞাপনটি নিয়ে নেটদুনিয়া কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। উৎসবের ঐতিহ্যবাহী সময়ে অভিনেত্রীর পরনের পোশাকের ডিজাইন এবং একটি কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দেশজুড়ে চলা এই বিতর্কের জেরে অবশেষে বুধবার সংশ্লিষ্ট গয়নার ব্র্যান্ডটি সমস্ত মাধ্যম থেকে তাদের সেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

বিতর্কের সূত্রপাত হয় যখন বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাকের নেলাইন এবং কুকুরকে রাখি পরানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। এই বিবাদের আগুনে ঘি ঢালেন বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি প্রকাশ্যে ওই বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বা ‘ইন্টেনশনালি ক্রিপি’ বলে আক্রমণ করেন। এর পরেই বিতর্ক তুঙ্গে ওঠে।

তবে চুপ থাকেননি খোদ কৃতি স্যাননও। সমালোচকদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দেন, “সংস্কৃতি হৃদয়ে থাকে, নেকলাইনে নয়।” তাঁর এই মন্তব্যের পর পরিস্থিতি আরও জোরালো হয়। অন্যদিকে, অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মন্তব্য করেন যে, নারীরা যখনই স্বাধীনভাবে নিজের মতো চলেন, তখনই তাঁদের ট্রল করার এই অসুস্থ মানসিকতার অবসান হওয়া প্রয়োজন।

চারিদিকে সমালোচনার ঝড় ওঠায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় গয়নার সংস্থাটি। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিজ্ঞাপনটি প্রত্যাহারের কথা জানায় তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, “ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমরা পরিবার এবং পোষ্যদের নিয়ে আনন্দ উদযাপনের কথা ভেবেছিলাম। কিন্তু আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কোনো অংশের অনুভূতিতে আঘাত করে থাকে, তবে তা আমাদের উদ্দেশ্য ছিল না। সকলের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ আমরা সমস্ত গণমাধ্যম থেকে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিলাম।”