কুকুরকে খাবার দিতে গিয়েই খুন? সল্টলেকে গৌতম প্রামাণিক হত্যায় গ্রেফতার ২, অভিযোগ এনজিওর ড্রাইভারের বিরুদ্ধে

সল্টলেকের ভিআইপি এলাকায় কুকুরকে খাবার দেওয়ার কাজ করা এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। গৌতম প্রামাণিক নামে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এনেছেন তাঁর ছেলে বাবিন প্রামাণিক। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এসএসকেএম হাসপাতালে।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ সূত্রের খবর, সল্টলেকের ভিআইপি এলাকার বাসিন্দা গৌতম প্রামাণিক সায়েন্স সিটি থেকে মুকুন্দপুর পর্যন্ত কুকুরকে খাবার দেওয়ার কাজ করতেন। প্রতিদিনের মতো ১১ তারিখ রাত ১০টা নাগাদ তিনি সল্টলেক সেক্টর থ্রীর একটি এনজিও থেকে খাবার আনতে যান। গৌতমবাবু সেই এনজিওর মালিক বলাকা বিশ্বাসের কাছ থেকে খাবার সংগ্রহ করতেন।
বাবিন প্রামাণিকের অভিযোগ, ওই সময় কেউ বা কারা তাঁর বাবাকে মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়।
ড্রাইভারের দিকে আঙুল, কারণ কী?
এই খুনের ঘটনায় গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিক বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন এবং সরাসরি এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরের দিকে সন্দেহের আঙুল তোলেন।
বাবিনের দাবি, অভিযুক্ত কবীর প্রায়শই তাঁর বাবা গৌতম প্রামাণিকের কাছে টাকা ধার চাইতেন। এই নিয়েই তাঁদের মধ্যে প্রায়ই সংঘাত হতো। এছাড়াও, এনজিও মালিক কুকুরদের জন্য যে পরিমাণ খাবার দিতেন, অভিযুক্ত কবীর সেই পুরো খাবার গৌতমবাবুকে দিতেন না বলেও অভিযোগ করেছেন বাবিন। তাঁর সন্দেহ, এই ব্যক্তিগত রেষারেষির জেরেই খুন করা হয়েছে তাঁর বাবাকে।
বাবিনের আরও অভিযোগ, ১১ তারিখ রাতে শাহ আব্দুল কবীরের সঙ্গে আরও তিন জন ছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দু’জনকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই গৌতম প্রামাণিকের মৃত্যুর আসল কারণ আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্তারা।