দীপাবলির রেশ কাটতে না কাটতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যারাকপুরে। মঙ্গলবার সকালে নীলগঞ্জ রোডের একটি ব্যাটারি তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন লেলিহান শিখা নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার ভিতর থেকে বিপুল পরিমাণে ঘন কালো ধোঁয়া বের হওয়ায় গোটা এলাকা ঢেকে যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
আগুন নেভাতে ২০টি ইঞ্জিন
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর থেকে প্রথম ধোঁয়া দেখতে পান আশেপাশের ব্যবসায়ী ও দোকানদাররা। তাঁরাই প্রথমে দমকলে খবর দেন। আগুনের তীব্রতা এতটাই দ্রুত বৃদ্ধি পায় যে প্রথমে ঘটনাস্থলে পৌঁছনো ২–৩টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আগুনের ভয়াবহতা দেখে দমকল আধিকারিকরা পরে আরও ইঞ্জিন পাঠানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত মোট ২০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
প্রচুর দাহ্য পদার্থ থাকাতেই দ্রুত ছড়াল আগুন
দমকল সূত্রে জানা গেছে, ওই কারখানায় যেহেতু ব্যাটারি তৈরি হত, তাই সেখানে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল এবং পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার।
উল্লেখ্য, কালীপুজোর দিন মুর্শিদাবাদের ধুলিয়ানেও বাজি পোড়াতে গিয়ে এক কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এমন পরিস্থিতিতে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে উৎসবের সময় নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।