কালিয়াচক কাণ্ডে সুপ্রিম কোর্টের নজিরবিহীন ‘অ্যাকশন’! তদন্তভার হাতে নিল এনআইএ (NIA)

মালদহের কালিয়াচকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের ওপর পৈশাচিক হামলা ও হেনস্থার ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এই ঘটনাকে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং ‘বিচারব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকেও (ECI) দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গত ১ এপ্রিল কালিয়াচক বিডিও অফিসে সাতজন বিচারককে দীর্ঘ সময় খাবার ও জল ছাড়াই আটকে রাখে উন্মত্ত জনতা। রাতে তাঁদের মুক্ত করা হলেও ফেরার পথে গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-র ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁদের কাছ থেকে জবাবদিহি চেয়েছে আদালত। পাশাপাশি, বিচারকদের নিরাপত্তায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই ষড়যন্ত্রের মূলচক্রী তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টায় ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপের ফলে মালদহ কাণ্ডে রাজ্য প্রশাসনের ওপর চাপ আরও বাড়ল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy