মালদার কালিয়াচক ও মোথাবাড়ি ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের গ্রেফতারির পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিউটাউনের তারুলিয়া এলাকায় এক অসহায় পরিবারের তিনতলা বাড়ি জবরদখল করে রাখার অভিযোগ উঠল এই অভিযুক্তের বিরুদ্ধে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই ‘দখলদারি’ রাজত্বের কাহিনী শুনে শিউরে উঠছেন প্রতিবেশীরাও।
অসহায় পরিবারকে উচ্ছেদ:
তদন্তে জানা গেছে, ২০১৪ সালে তারুলিয়া এলাকার সত্যিয়া জাদেজা ও বাসন্তী জাদেজার বাড়িতে ভাড়া আসে মোফাক্কেরুল। ওই দম্পতির মৃত্যুর পর বাড়ির মালিকানা পান বাসন্তীর মা পূর্ণিমা জাদেজা ও ভাই সোমনাথ বিশ্বাস। অভিযোগ, ভাড়াটে হিসেবে ঢুকেই কয়েক মাসের মধ্যে আসল মালিকদেরই বাড়ি থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় মোফাক্কেরুল। কখনও প্রশাসনের ভয়, কখনও কোর্টের মামলা আবার কখনও সোজাসুজি প্রাণনাশের হুমকি দিয়ে দেড় কাঠা জমির ওপর তৈরি ওই তিনতলা বাড়িটি নিজের কবজায় নেয় সে।
বিলাসিতা বনাম চরম অভাব:
বর্তমানে ওই বাড়ির প্রকৃত মালিকরা ঘরছাড়া হয়ে টোটো চালিয়ে কোনওরকমে দিন গুজরান করছেন। অন্যদিকে, মোফাক্কেরুল পাশেই আরও একটি বড় তিনতলা ফ্ল্যাট কিনলেও পুরনো বাড়ির দখল ছাড়েনি। এলাকাবাসীর দাবি, সে কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করত না এবং ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করত। মোফাক্কেরুলের গ্রেফতারির খবর চাউর হতেই এখন ভিটে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন মালিকপক্ষ। আপাতত তার দুটি বাড়িই তালাবন্ধ অবস্থায় রয়েছে।





