ভোটের পারদ চড়ছে বাংলায়। বুধবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর, বৃহস্পতিবার ফের প্রচারে ঝাঁপালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি উত্তর ২৪ পরগনায় মোট পাঁচটি হাই-ভোল্টেজ জনসভা করবেন। মিনাখাঁ দিয়ে শুরু করে তাঁর পরবর্তী গন্তব্য নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট-গোপালপুর।
মিনাখাঁ বিধানসভার হাড়োয়া সার্কাস ময়দানে তৃণমূল প্রার্থী ঊষারানি মণ্ডল এবং হাড়োয়া কেন্দ্রের প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে প্রথম সভাটি করছেন মমতা। তবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে মিনাখাঁর বর্তমান সমীকরণ। গতবার ঊষারানি মণ্ডল ৫৫ হাজার ভোটে জিতলেও, সাম্প্রতিক ‘SIR’ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৬,৪৯১ জনের নাম বাদ যাওয়ায় কিছুটা অস্বস্তিতে ঘাসফুল শিবির। একই উদ্বেগ রয়েছে হাড়োয়া কেন্দ্র নিয়েও, যেখানে প্রয়াত শেখ হাজি নুরুল ইসলামের জায়গায় এবার লড়ছেন মুফতি আব্দুল মাতিন।
সকালের বৃষ্টি ও দুর্যোগে মাঠ জল-কাদায় ভরে গেলেও কর্মীদের আবেগে ভাটা পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরও দিদির ‘কারিশমা’ কি জয়ের ব্যবধান ধরে রাখতে পারবে? উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতি।





