‘কাঁটাতার তুলে ভারত-বাংলাদেশ এক হবে!’ SIR বিতর্কের আবহে বিস্ফোরক বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

রাজ্যে বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটার তালিকা থেকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের নাম বাদ দেওয়ার দাবি করছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে কেন্দ্র ও কমিশনকে নিশানা করছে। এই আবহে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

বিজেপি সাংসদের বিস্ফোরক মন্তব্য:

শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত গেদে সীমান্তবর্তী এলাকার বানপুর মাটিয়ারীতে দলীয় যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে জগন্নাথ সরকার এক চাঞ্চল্যকর দাবি করেন।

তিনি বলেন, “আপনাদের কথা দিয়ে রাখছি, ২০২৬ সালে যদি বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে ভারত-বাংলাদেশের মাঝে যে তারকাঁটা আছে, সেটা আমরা তুলে দেব। তার কারণ আগে যেমন ভারত ও বাংলাদেশ এক ছিল, ঠিক সেই রকমই এক হয়ে যাবে।”

তিনি আরও যোগ করেন, “আর যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে কাঁটাতার উঠে যাবে ঠিকই, তবে গোটা পশ্চিমবাংলাটাই বাংলাদেশে পরিণত হবে।”

তৃণমূলের তীব্র কটাক্ষ:

বিজেপি সাংসদের এই মন্তব্য দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্ব তাঁর এই মন্তব্যকে দেশবিরোধী বলে তীব্র কটাক্ষ করেছে।

তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, “সাংসদ যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ দেশবিরোধী এবং সংবিধানবিরোধী। একজন সাংসদ কখনওই এই কথা বলতে পারেন না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাঁর সাংসদ পদ বাতিল করার আবেদন জানাচ্ছি।”

SIR প্রক্রিয়ার শুরুতেই এক সাংসদের মুখ থেকে এমন মন্তব্য সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন তুলেছে, পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত-রাজনীতি আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy