কলেজ ডিগ্রি ছাড়াই কোটিরও বেশি বেতন! গুগল ডিপমাইন্ডে চাকরির সুযোগ, রইল আবেদনের সুবর্ণ সুযোগ

কলেজ ডিগ্রির কাগজ কি সত্যিই সফল কেরিয়ারের একমাত্র মাপকাঠি? এই প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে প্রযুক্তি দুনিয়ায় এক যুগান্তকারী পদক্ষেপ করল গুগল (Google)। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা শাখা ‘গুগল ডিপমাইন্ড’ (Google DeepMind)-এর পক্ষ থেকে এমন এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট কলেজ ডিগ্রির বা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। আর এর বদলে সংস্থায় প্রার্থীর দরকার শুধু ঝকঝকে প্রযুক্তিগত দক্ষতা এবং কোডিংয়ে দুর্দান্ত হাত!

প্রযুক্তি বিশেষজ্ঞদের সূত্রে জানা গিয়েছে, গুগল ডিপমাইন্ডের বিশেষ ‘পোলারিস’ (Polaris) টিমের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে নিযুক্ত ইঞ্জিনিয়ারদের মূল কাজ হবে এআই (AI)-এর কোডিং ক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং উন্নত প্রযুক্তির সিস্টেম তৈরিতে কাজ করা।

সবচেয়ে আকর্ষণের বিষয় হলো এই পদের মোটা অঙ্কের বেতন প্যাকেজ। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই পদের বার্ষিক বেতন আনুমানিক ৫৫০,০০০ থেকে ১,১০০,০০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৬০ লক্ষ থেকে ৯ কোটি ২০ লক্ষ টাকার কাছাকাছি (যা বর্তমান মুদ্রা বিনিময় হারের ওপর নির্ভরশীল)।

গুগলের এক ইঞ্জিনিয়ার তামায় বেসিরোগলু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ এই চাকরির বিষয়ে সমস্ত তথ্য শেয়ার করার পরেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঐতিহ্যগত কোনো ডিগ্রি বা সার্টিফিকেট এখানে বড় নয়, বরং প্রার্থীর নিখুঁত প্রযুক্তিগত দক্ষতা এবং কোডিংয়ের গভীর জ্ঞান থাকলেই গুগল ডিপমাইন্ডে স্বপ্নের চাকরি পাওয়ার দরজা খুলে যাবে। প্রচলিত উচ্চশিক্ষার গণ্ডি পেরিয়ে কেবল প্রতিভার জোরে এতবড় বহুজাতিক সংস্থায় কেরিয়ার গড়ার এই সুযোগে মেতে উঠেছে গোটা দেশের টেক প্রেমীরা।

Pratik Saha
  • Pratik Saha