কলকাতার রেড রোডে যোগ দিবসে আসছেন মোদী! ট্র্যাফিক ব্যবস্থায় বড় বদল, দেখে নিন গাইডলাইন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২১ জুন এই মেগা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই দিনটি পালন করেছিলেন প্রধানমন্ত্রী, আর এবার বাংলার মাটিতে এই মহাসমারোহের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে শহরজুড়ে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে কলকাতা পুলিশ ট্র্যাফিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এনেছে। জারি করা হয়েছে কঠোর ট্র্যাফিক অ্যাডভাইজারি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ২১ জুন অনুষ্ঠানের দিন থাকবে বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ। এছাড়া, ২০ জুন রাত ২টো থেকে ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যেসব রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা:
পুলিশি বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌলালি মোড় থেকে এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ, সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ এবং জওহরলাল নেহরু রোডের উভয় দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়া স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্পূর্ণ বন্ধ থাকবে হসপিটাল রোডের পূর্ব ও পশ্চিম অংশ, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কিংসওয়ে বা গোষ্ঠ পাল সরণি, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং আউটরাম রোড। খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ এবং এসপ্ল্যানেড রাম্প দিয়েও কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

বিকল্প রুটের নির্দেশিকা:
শহরের যানজট এড়াতে ট্র্যাফিক পুলিশ বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলো বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি রাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, দক্ষিণ কলকাতাগামী যানবাহনগুলো মেয়র রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড ব্যবহার করতে পারবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে এই রুটগুলো মাথায় রেখে যাত্রা শুরু করার অনুরোধ করা হয়েছে। যোগ দিবসের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহর জুড়ে সাজসাজ রব এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর।