খাস কলকাতায় খোদ বাবা-মায়ের বিরুদ্ধেই উঠল তিন মেয়ের ওপর চরম শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়তে বাধ্য হয় ওই তিন বোন। অবশেষে এই নজিরবিহীন ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এদিন যে বর্ণনা উঠে এল, তাতে কার্যত বাকরুদ্ধ আদালত কক্ষ।
মামলাকারীর অভিযোগ, প্রভাবশালী ওই দম্পতি দীর্ঘদিন ধরে তাঁদের তিন কন্যার ওপর অবর্ণনীয় অত্যাচার চালাতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান এবং বর্তমানে এক পরিচিতের আশ্রয়ে রয়েছেন। কিন্তু সেখানেও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন শুনানির সময় তিন বোনই আদালতে উপস্থিত ছিলেন এবং তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট।
সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কড়া নির্দেশ দিয়েছেন যে, ওই তিন কন্যা যেখানে রয়েছেন, সেখানে তাঁদের কড়া পুলিশি নিরাপত্তা দিতে হবে। পুলিশ কমিশনারকে ব্যক্তিগতভাবে এই বিষয়টি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই তিন মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাঁদের বাবা-মায়ের কাছে পাঠানো যাবে না। পাশাপাশি, অভিযুক্ত বাবা-মায়ের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও রিপোর্ট তলব করেছে আদালত। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আইনজীবী মহলে।