কলকাতায় ফের মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে চলল গুলি। তিলজলা এলাকায় মহম্মদ নিয়াজ নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এলাকারই পরিচিত দুষ্কৃতী মহম্মদ সলমনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় দুজনের মধ্যে সামান্য বচসা হয়েছিল, যা স্থানীয়দের হস্তক্ষেপে মিটে গেলেও সলমনের মনে আক্রোশ থেকে যায়। রাত বাড়তেই নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর ৫-৬ রাউন্ড গুলি চালায় সে। নিয়াজের দুই পায়ে তিনটি গুলি লেগেছে। বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অভিযুক্ত সলমন পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, বারুইপুর এলাকায় এক প্রথম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চকোলেট ও বাতাসা খাওয়ার লোভ দেখিয়ে একটি দোকানের ভেতর নাবালিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। মেয়ের জুতো দোকানের সামনে পড়ে থাকতে দেখে মা ভেতরে ঢুকতেই হাতেনাতে ধরেন অভিযুক্তকে। গণপিটুনির পর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।