কলকাতায় ফের গণধর্ষণ, জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার মূল অভিযুক্ত

দক্ষিণ কলকাতার হরিদেবপুরের রিজেন্ট পার্ক এলাকায় জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার রাতে বর্ধমান স্টেশন থেকে তাকে আটক করা হয়। তবে এই ঘটনায় আরেক অভিযুক্ত দীপ এখনও পলাতক।

কী ঘটেছিল?
শুক্রবার হরিদেবপুরের রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে ২০ বছর বয়সী ওই তরুণীর জন্মদিনের পার্টি আয়োজন করে চন্দন এবং দীপ। পার্টি শেষে বাড়ি ফিরতে চাইলে দুই অভিযুক্ত ফ্ল্যাটের দরজা বন্ধ করে তাকে মারধর করে এবং এরপর গণধর্ষণ করে।

শনিবার সকালে কোনোমতে ফ্ল্যাট থেকে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সবকিছু জানান নির্যাতিতা। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই তরুণীকে একটি পুজো কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্তরা।

নারী সুরক্ষায় প্রশ্ন
দেশের অন্যতম সুরক্ষিত শহর হিসেবে পরিচিত কলকাতার বুকে এই ধরনের একের পর এক গণধর্ষণের ঘটনায় নারী সুরক্ষার বিষয়টি আবারও বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত বছর আরজি করের এক চিকিৎসক ছাত্রীর খুন ও গণধর্ষণের ঘটনার পর এবার এই নতুন ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পুলিশ পলাতক আরেক অভিযুক্ত দীপের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা গেছে, দীপ কোনো সরকারি অফিসের কর্মী।