কলকাতায় ফিরল কেরোসিন যুগ! রান্নার গ্যাসের আকালে রেশন দোকানে উপচে পড়া ভিড়

কলকাতায় কি ফিরে আসছে কেরোসিন স্টোভের দিন? বর্তমান এলপিজি সংকট সেই আশঙ্কাই বাড়িয়ে দিল। শহরের রেশন দোকানগুলিতে গত কয়েকদিন ধরে কেরোসিন তেলের জন্য যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা কার্যত কয়েক দশক আগের স্মৃতি ফিরিয়ে এনেছে। দক্ষিণ কলকাতার বেহালার বুড়োশিবতলা এলাকায় বৃহস্পতিবার দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। যেখানে প্রতিদিন গড়ে মাত্র ৫০-৬০ লিটার তেল বিক্রি হতো, সেখানে একবেলায় বিক্রি হয়ে গেছে প্রায় ৬০০ লিটার কেরোসিন!

আমেরিকা ও ইরানের যুদ্ধের প্রবাদে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় গত ১০ মার্চ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি হয়েছে। এর প্রভাবে গৃহস্থালির রান্নার গ্যাস পাওয়া নিয়েও তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। ১১ মার্চ থেকে অনেক গ্রাহকই অভিযোগ করছেন যে বুকিং নম্বর বা হেল্পলাইন কাজ করছে না। ফলে দিশেহারা সাধারণ মানুষ এখন বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন স্টোভ বা ইলেকট্রিক ইন্ডাকশনের দিকে ঝুঁকছেন।

বর্তমানে কলকাতায় এক লিটার কেরোসিনের দাম ৬৪.২০ টাকা। যদিও গ্যাসের বিকল্প হিসেবে মানুষ রেশন দোকানে ছুটছেন, কিন্তু ডিলারদের কপালে চিন্তার ভাঁজ। তাঁদের দাবি, সরকারি কোটার বাইরে অতিরিক্ত তেলের জোগান দেওয়া সম্ভব নয়। ফলে দ্রুত এলপিজি সরবরাহ স্বাভাবিক না হলে শহরের জ্বালানি সংকট যে ভয়াবহ রূপ নেবে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy