কর্মসূত্রে রাজ্যের বাইরে? SIR-এ ভোটার তালিকায় নাম থাকবে তো? BLO-র সঙ্গে সরাসরি কথা বলার সহজ পদ্ধতি জেনে নিন!

রাজ্যজুড়ে শুরু হয়েছে নির্বাচন কমিশনের (EC) স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের দাবি, এর মাধ্যমে ভুয়ো ভোটার বাদ দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। যদিও এই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই অভিযোগ তুলেছে।
প্রাথমিক ধাপ শুরু হয়ে যাওয়ায়, প্রতিটি বাসিন্দাকে ‘এনুমারেশন ফর্ম’ (Enumeration Form) সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এর ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত ভোটার তালিকা, যার মাধ্যমে শুধুমাত্র সেই তালিকায় থাকা ব্যক্তিরাই ভোটদানের অধিকার পাবেন।
ভিনরাজ্যে থাকা বাঙালিদের সমস্যা:
এনুমারেশন ফর্ম বিলি শুরু হলেও কর্মসূত্রে বা অন্যান্য কারণে বহু বাঙালি বর্তমানে রাজ্যের বাইরে—যেমন বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, পুণের মতো শহরে বসবাস করছেন। তাঁরা সেখানকার স্থায়ী বাসিন্দা না হওয়ায় তাঁদেরও এই ফর্ম জমা করা আবশ্যিক।
ভিনরাজ্যে বসবাসকারী বাঙালিদের মনে SIR নিয়ে প্রধান প্রশ্নগুলি হলো: কীভাবে ফর্ম মিলবে, অনলাইনে জমা দেওয়া সম্ভব কি না, বা তাঁদের হয়ে অন্য কেউ ফর্ম জমা করতে পারবেন কি না। এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর একমাত্র দিতে পারবেন সংশ্লিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার (BLO), কারণ কমিশনের হয়ে পুরো কাজটি তিনিই সামলাচ্ছেন।
BLO-র সঙ্গে যোগাযোগের সহজ পদ্ধতি:
নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত আপনার এলাকার BLO-দের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার ব্যবস্থা রয়েছে। এর জন্য আপনাকে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করতে হবে:
VOTERS’ SERVICE PORTAL ওপেন করুন: https://voters.eci.gov.in/
হোমপেজে ডানদিকে থাকা ‘Book a call with BLO’ ট্যাবে ক্লিক করুন।
নতুন ট্যাবে আপনার EPIC number অথবা Form Reference number দিন। এর কোনটি জানা না থাকলে, ‘Other’ সিলেক্ট করুন।
নতুন উইন্ডোতে রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভার নাম এবং পার্ট নম্বর (Part Number) সঠিকভাবে পূরণ করুন।
সঠিক তথ্য দেওয়া হলে একটি নতুন ট্যাব ওপেন হবে, যেখানে আপনার নাম ও ফোন নম্বর দিতে হবে। সেখানেই আপনার BLO-র নাম দেখতে পাবেন।
এরপর OTP দিয়ে তা যাচাই (Verify) করলেই BLO-র সঙ্গে আপনার কল বুক হয়ে যাবে।