১৩ টাকায় শার্টের প্রলোভন! গুরুপরবের অফার ঘিরে লুথিয়ানার দোকানে জনসমুদ্র, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ

মাত্র ১৩ টাকায় শার্ট পাওয়া যাচ্ছে—এই খবর প্রকাশ্যে আসতেই পাঞ্জাবের লুথিয়ানার একটি কাপড়ের দোকানের সামনে পড়ে যায় প্রবল ভিড়। সেই জনসমুদ্র সামলাতে শেষে পুলিশ ডাকতে হয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, গুরু নানক জয়ন্তীর গুরুপরব উপলক্ষে এই অবিশ্বাস্য অফারটি ঘোষণা করা হয়েছিল। লুথিয়ানার দুগরি এলাকার দোকানটির মালিক ইন্দ্রদীপ সিং একটি প্রমোশনাল ভিডিওতে জানান যে, ক্রেতারা মাত্র ১৩ টাকায় যেকোনো ধরনের শার্ট নিয়ে যেতে পারেন।
অফার প্রত্যাহার, হিতে বিপরীত:
এই অফারের কথা জানার পরেই মঙ্গলবার হাজার হাজার মানুষ দোকানে ভিড় করতে শুরু করেন। ভিড় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে থাকেন দোকান মালিক। বাধ্য হয়ে তিনি এই ধরনের লোভনীয় অফার ফিরিয়ে নেন।
দোকান মালিক জানান, অফারটি শুধুমাত্র প্রথম ৫০ জন ক্রেতার জন্যই ছিল। কিন্তু এই সিদ্ধান্তে হিতে বিপরীত হয়। ক্রেতারা অভিযোগ করেন যে, প্রমোশনাল ভিডিওর মাধ্যমে জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ক্রেতাদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে দোকানদার। পরিস্থিতি জটিল হওয়ায় শেষে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে এবং পরিস্থিতি শান্ত করে।