কর্নাটকের ভোটার তালিকায় তুলকালাম! একধাক্কায় বাদ পড়ল প্রায় ১ কোটি ভোটার, উধাও আপনার নামও?

কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই রাজ্য রাজনীতিতে চরম শোরগোল পড়ে গেছে। নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০১১ জন। আশ্চর্যজনকভাবে, এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট নথিভুক্ত ভোটার সংখ্যা ছিল ৫,৫৪,৩২,৩১৪ জন। অর্থাৎ আগের তুলনায় একধাক্কায় প্রায় ৯৯.৩২ লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। ড্রাফট বা খসড়া ভোটার তালিকা থেকে ১.০৭ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে পরবর্তীতে নতুন করে ৮.৬৪ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকা থেকে কেন বাদ পড়ল লাখ লাখ নাম?
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, খসড়া তালিকা থেকে ৮০.৬২ লাখ ভোটারের নাম বাদ পড়ার মূল কারণ ছিল তাঁদের বাসস্থান পরিবর্তন বা গণনাকারীরা নির্দিষ্ট ঠিকানায় তাঁদের খুঁজে পাননি। এছাড়া ১৬.৩৯ লাখ ভোটারের মৃত্যু হওয়ায় এবং ৭ লাখের বেশি ডুপ্লিকেট (একই ব্যক্তির একাধিক নাম) এন্ট্রি থাকার কারণে সেগুলি তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। বাকি ৩.৮৩ লাখ নাম অন্যান্য কারণে বাতিল করা হয়েছে। বাসস্থান পরিবর্তন হওয়া ব্যক্তিদের নাম পুনরায় নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যার অধীনে প্রায় ৭.৮৭ লাখ আবেদন জমা পড়েছিল।

চূড়ান্ত তালিকার পরিসংখ্যান ও নাম যাচাইয়ের সহজ উপায়:
বর্তমানে কর্নাটকের চূড়ান্ত তালিকায় ২.২৫ কোটিরও বেশি পুরুষ, ২.২৯ কোটিরও বেশি নারী এবং ২,৮৪১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী নবীন ভোটার রয়েছেন ৬.৮৩ লাখ এবং ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটার রয়েছেন ৩.৯২ লাখের বেশি। নাগরিকরা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা ভোটার সার্চ পোর্টালে গিয়ে ‘Search by EPIC’ বিকল্প বেছে নিয়ে নিজেদের নাম যাচাই করতে পারেন। যদি পোর্টালে “No Result Found” দেখায়, তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে স্থানীয় নির্বাচন আধিকারিকদের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।