কর্ণি সিং রেঞ্জে কলঙ্ক! নাবালিকা শুটারকে যৌন হেনস্থার দায়ে জাতীয় কোচ অঙ্কুশ ভরদ্বাজ নিলম্বিত

দেশের সেরা শুটারদের আঁতুড়ঘর দিল্লির ডক্টর কর্ণি সিং শুটিং রেঞ্জে ঘটল এক ন্যক্কারজনক ঘটনা। জাতীয় চ্যাম্পিয়নশিপ চলাকালীন এক ১৭ বছরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল জাতীয় দলের কোচিং স্টাফ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (NRAI) অভিযুক্ত কোচকে তৎক্ষণাৎ নিলম্বিত (Suspend) করেছে এবং তাঁকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগকারিনী নাবালিকা জানিয়েছে, গত বছর অগস্ট থেকে সে অঙ্কুশের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল। গত মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স নিয়ে আলোচনার অছিলায় তাকে ফরিদাবাদের একটি হোটেলের লবিতে ডাকা হয়। সেখান থেকে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে ফিজিওথেরাপির বাহানায় তার শ্লীলতাহানি করেন অঙ্কুশ। এমনকি ঘটনাটি জানাজানি হলে কিশোরীর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মানসিক ট্রমার কারণে এতদিন চুপ থাকলেও গত ১ জানুয়ারি মায়ের কাছে সব খুলে বলে ওই নাবালিকা।
ফরিদাবাদ থানায় অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, এই অঙ্কুশ ভরদ্বাজ আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ২০১০ সালে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে ডোপিংয়ের দায়ে তিনি নিষিদ্ধ হয়েছিলেন। এনআরএআই (NRAI) জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।