‘কমিশনকে কাজ করতে দিন’, তৃণমূলের ভোটার তালিকা সংশোধনের মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

তৃণমূল কংগ্রেসের (TMC) করা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR – Special Summary Revision) সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করল দেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত মন্তব্য করেছে যে নির্বাচন কমিশনকে নিজেদের কাজ করার সুযোগ দেওয়া উচিত।

কমিশনকে কাজ করার নির্দেশ: তৃণমূলের সাংসদ মালা রায় ও দোলা সেনের করা এই মামলায় সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, এবং পন্ডিচেরি-সহ যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই রাজ্যগুলিকে এই নোটিশ ইস্যু করা হয়েছে।

শুনানিতে বিচারপতি সূর্যকান্ত তৃণমূলের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা এমন করে বলছেন যেন এই দেশে কোনো দিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে।”

তৃণমূলের আপত্তির কারণ: তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করতে গিয়ে বলেন, দেশের বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষাবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে, তাই এসআইআর-এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের ইন্টারনেট সংযোগ দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি। তৃণমূলের মতে, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এসআইআর-এ ভুল হচ্ছে, তাই পুরো প্রক্রিয়া নিয়েই তাদের আপত্তি রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ: শীর্ষ আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো রাজ্যের হাইকোর্টে কোনো মামলা হলে সেই মামলার যেন স্থিতাবস্থা বজায় রাখা হয় অথবা মামলাটি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর ধার্য করা হয়েছে। বাংলায় গত এক সপ্তাহ ধরে এসআইআর চলছে এবং বিএলও-রা বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন।