“কব্জি কেটে নেব!” গলসিতে বিজেপি নেতার বিস্ফোরক হুঙ্কার, ফের উত্তপ্ত বাংলার ভোট-রাজনীতি

বিধানসভা ভোটের দামামা বাজতেই হিংসার আঁচে উত্তপ্ত পূর্ব বর্ধমানের গলসি। দলের দুই কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে সরব বিজেপি, আর সেই প্রতিবাদ সভাতেই বিজেপি নেতা রাজু পাত্রের অশালীন ও প্ররোচনামূলক মন্তব্য ঘিরে দানা বাঁধল চরম বিতর্ক।

গত ৩ মার্চ গলসির মহড়া গ্রামে বিজেপি কর্মী বাপন কারক ও হেমন্ত ঘোষের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হন হেমন্ত ঘোষ; মাথায় ও পায়ে গুরুতর চোট নিয়ে তিনি বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই দোষীদের শাস্তির দাবিতে সরব হয় বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লক্ষণ ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

তবে বিক্ষোভের উত্তাপ ছাপিয়ে গিয়েছে বিজেপি নেতা রাজু পাত্রের মন্তব্য। তিনি প্রকাশ্য সভায় বলেন, “পাল্টা মানে মিষ্টি বিতরণ নয়। আমাদের কর্মীদের মাথায় স্টিচ পড়লে, পাল্টা অভিযুক্তদের হাত-পা ভেঙে প্রয়োজন হলে কব্জি কেটে নেওয়া হবে।”

এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছেন গলসি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শৈলেন হালদার। তিনি জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই; শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পাশাপাশি রাজু পাত্রের অতীতের দিকে আঙুল তুলে শৈলেনবাবু বলেন, যিনি কব্জি কাটার কথা বলছেন, তাঁর রক্তেই রয়েছে বামেদের সংহার-সংস্কৃতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও হিংসাত্মক করে তুলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy