বলিউডের অন্দরমহলের হাঁড়ির খবর জানতে যার জুড়ি মেলা ভার, সেই কফি মগ নিয়ে ফের হাজির হচ্ছেন করণ জোহর। বি-টাউনের অন্দরে কান পাতলে এখন একটাই খবর— খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। সিজন ৮-এর সাফল্যের পর থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন পরবর্তী কিস্তির জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জল্পনা সত্যি হতে চলেছে।
শোনা যাচ্ছে, নবম সিজনের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন করণ। এবারের গেস্ট লিস্টে থাকতে পারে বড়সড় চমক। বিশেষ করে বলিউডের নবদম্পতি থেকে শুরু করে দক্ষিণি তারকাদের উপস্থিতিও নজর কাড়তে পারে। করণের সোফায় বসে কার হাঁড়ির খবর ফাঁস হবে আর কার প্রেম নিয়ে চলবে কাটাছেঁড়া, তা নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে। তবে অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত সাসপেন্স বজায় রাখছেন ধর্মা প্রোডাকশন প্রধান। তবুও কফির কাপে তুফানের পূর্বাভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে!





