পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে হাসাহাসি ও বিতর্কের ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে করা একটি পোস্টে দেখা গিয়েছে ‘এডিট হিস্টরি’র এক অদ্ভুত তথ্য। পোস্টটিতে লেখা ছিল— “Draft – Pakistan’s PM Message on X.”
এই একটি শব্দ ‘Draft’ ঘিরেই দানা বেঁধেছে রহস্য। প্রশ্ন উঠছে, দেশের প্রধানমন্ত্রীর অফিশিয়াল বার্তা কি তাঁর নিজের নয়? সমালোচকদের দাবি, এই ভাষা কোনো নেতার নিজস্ব চিন্তাপ্রসূত নয়, বরং আগে থেকে তৈরি কোনো ‘টেমপ্লেট’। এমনকি এই বার্তাটি পাকিস্তান সরকারের ভিতর থেকে এসেছে না কি অন্য কোনো ‘বাইরের শক্তি’র নির্দেশে লেখা হয়েছে, তা নিয়েও শুরু হয়েছে কাঁটাছেঁড়া। কোনো পাবলিক পোস্টে ‘ড্রাফট’ ট্যাগ থেকে যাওয়ার অর্থ হলো বক্তব্যটি কেউ তাঁর হাতে ধরিয়ে দিয়েছেন, যা পাকিস্তানের কূটনৈতিক সার্বভৌমত্ব নিয়ে অস্বস্তিকর প্রশ্ন তুলছে।
অন্যদিকে, ইরানের ওপর ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি সাফ জানিয়েছেন, এই বিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, লেবাননে ইজরায়েলি হামলা অব্যাহত থাকবে। ইরান, আমেরিকা এবং পাকিস্তানের এই ত্রিমুখী সমীকরণে শেহবাজের ‘কপি-পেস্ট’ বিতর্ক এখন টক অফ দ্য টাউন।





