নেপালের সাম্প্রতিক নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে টেক্কা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র তথা জনপ্রিয় ব়্যাপার বলেন্দ্র শাহ। ঝাপা কেন্দ্রের মতো ওলির শক্ত ঘাঁটিতে প্রাথমিক ভোট গণনার ট্রেন্ডে বলেন্দ্রর এগিয়ে থাকা নেপালের রাজনীতিতে এক বড়সড় চমক।
জেন-জ়ি বিক্ষোভকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে যুব প্রজন্মের আইকনে পরিণত হওয়া বলেন্দ্র শাহ ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র থেকে রাজনীতির ময়দানে এক প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন। সমাজমাধ্যম নিষিদ্ধকরণ ইস্যুতে উত্তাল নেপালে ওলি সরকারের পতন এবং পরবর্তী রাজনৈতিক পালাবদলে তিনি হয়ে উঠেছেন জেন-জ়ির প্রধান মুখ। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর এবার তিনি সরাসরি সংসদীয় নির্বাচনে লড়ছেন।
তবে বলেন্দ্র শাহের এই সম্ভাব্য উত্থান ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। অতীতে তিনি একাধিকবার ভারত-বিরোধী মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালের জুনে নিজের অফিসে ‘গ্রেটার নেপাল’-এর যে মানচিত্র তিনি স্থাপন করেছিলেন, তাতে ভারতের বেশ কিছু এলাকাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়, যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।
অন্যদিকে, নেপালের ২৭৫ আসনবিশিষ্ট পার্লামেন্টের এই নির্বাচনে ৯ মার্চের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, ভারত নেপালে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয় এবং যে সরকারই আসুক না কেন, তাদের সাথে সম্পর্ক মজবুত করতে ভারত উন্মুখ। এখন দেখার বিষয়, ওলিকে হারিয়ে শেষ পর্যন্ত বলেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধান মুখ হয়ে উঠতে পারেন কি না।