এ কী ডিমের মোনালিসা! ওমলেট দিয়ে সৃষ্টি হল ভিনগ্রহের শিল্প, ছবি দেখে থ নেটপাড়ার মানুষ

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানা ধরনের সৃজনশীল ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সবাই অবাক। যেখানে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত সৃষ্টি ‘মোনালিসা’ তৈরি হয়েছে ডিমের ওমলেট দিয়ে! এই ভিডিওটি দেখে নেটিজেনরা এতটাই মুগ্ধ যে হাজার হাজার মানুষ এটি লাইক ও শেয়ার করেছেন।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক গরম প্যানে ডিমের কুসুম দিয়ে নিখুঁতভাবে মোনালিসার মুখটি আঁকছেন। প্যান গরম থাকায় কুসুমটি কিছুক্ষণের মধ্যেই হালকা খয়েরি রঙের হয়ে ওঠে। এরপর তিনি ডিমের সাদা অংশটি তার ওপরে ঢেলে দেন। এভাবে ওমলেটের নিচের অংশে মোনালিসার প্রতিকৃতিটি তৈরি হয়। তার এই ব্যতিক্রমী কাজ দেখে একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘যেন এগ-লিসা!’ অন্য একজন বলেছেন, ‘ওমলেট দা ভিঞ্চি!’
View this post on Instagram
ডিম দিয়ে শুধু শিল্পই নয়, অদ্ভুত ধরনের রান্নাও তৈরি হচ্ছে। সম্প্রতি কোল্ড ড্রিংকস দিয়ে ওমলেট বানানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা রীতিমতো বিরক্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, এক রাস্তার ধারে বিক্রেতা একটি গরম প্যানে স্টিং নামের একটি এনার্জি ড্রিংকস ঢেলে তাতে আটটি ডিম ফাটিয়েছেন। এরপর তাতে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ইত্যাদি দিয়ে পরিবেশন করছেন। এই ভিডিওটি ৪৪ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন এবং অনেকেই এটি দেখে বিতৃষ্ণা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “খাবারটি দেখেই গা গুলিয়ে উঠছে। কখনই চেখে দেখব না।” এই ধরনের অদ্ভুত খাবার ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন যা খুশি তাই তৈরি করছে বলে অভিযোগ করেছেন অনেকে।