এসআইআর (SIR) আতঙ্কে দেশত্যাগ, নাকি মুক্তির স্বাদ? জলপাইগুড়ির ৩ নাবালিকার ঘর ফেরার গল্পে চোখে জল নেটপাড়ার

এসআইআর (SIR) নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখনই এই নতুন নিয়ম যেন শাপে বর হয়ে এল জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের তিন নাবালিকা-সহ মোট ৯ জন কিশোর-কিশোরীর জীবনে। ভারতে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও যারা ছিল পরিচয়হীন, সেই ‘অনুপ্রবেশকারী’ সন্তানদের অবশেষে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই শিশুদের বাবা-মায়েরা কয়েক বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম থেকে অবৈধভাবে ভারতে এসে ইঁটভাটায় কাজ শুরু করেন। সেখানেই এদের জন্ম। কিন্তু অনুপ্রবেশ আইনের প্যাঁচে পরিবারের বড়দের ঠাঁই হয় সংশোধনাগারে আর শিশুদের হোমে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ধরা পড়ার আতঙ্কে ওই পরিবারগুলি ফের চোরাপথে সীমান্ত পার হতে গিয়ে গ্রেফতার হয়। এরপরই প্রশাসনের পক্ষ থেকে এদের বাংলাদেশে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও নতুন সরকার ক্ষমতায় আসায় কাল, ১৭ ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্ত দিয়ে এদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় এবং মেন্টর পৌলমী সূত্রধর জানান, দীর্ঘ কাউন্সেলিং-এর পর এই শিশুরা এখন নিজেদের দেশ দেখার জন্য মুখিয়ে আছে। তবে তাঁদের একটাই আর্তি, বাংলাদেশের নতুন সরকার যেন এদের পড়াশোনা ও বাবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, যাতে ক্ষুধার জ্বালায় এদের আবার ঘর ছাড়তে না হয়। আজ, সোমবার জলপাইগুড়ি থেকে তাঁদের পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়েছেন জেলাশাসক শামা পারভিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy