এসআইআর শুরু হতেই সীমান্তে আতঙ্ক! বাংলাদেশে ফেরার চেষ্টায় বিএসএফের হাতে গ্রেফতার ১১ জন বাংলাদেশি নাগরিক

সীমান্ত এলাকায় কড়াকড়ি এবং সদ্য শুরু হওয়া ‘স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশনস ফর রিভাইজড স্পেশাল সামারি রিভিশন (SIR)’-এর আতঙ্কের মধ্যেই বাংলাদেশে ফেরার চেষ্টার সময় বিএসএফের জালে ধরা পড়ল ১১ জন বাংলাদেশি নাগরিক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকায় ঘটেছে।

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াতের চেষ্টা চলছিল, শুক্রবার ভোররাতে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতেন ধৃতরা
সূত্রের খবর, শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি নাগরিক তারালি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের টহলরত জওয়ানরা তাঁদের আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতেন। এঁদের মধ্যে কেউ মুম্বই, দিল্লি, হরিয়ানা ও কেরলের মতো জায়গায় রাজমিস্ত্রি, দিনমজুর, আবার কেউ গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে অনুমান, সাম্প্রতিক সময়ে ভারতে বাড়তে থাকা পরিচয় যাচাই অভিযান এবং নথি সংক্রান্ত কড়াকড়ির কারণে তারা আতঙ্কিত হয়ে দ্রুত দেশ ছাড়ার চেষ্টা করেন। উল্লেখ্য, এই সময়েই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যা নাগরিক নথি ও ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে।

ধৃতদের মধ্যে শিশু-মহিলা
ধৃত ১১ জনের মধ্যে রয়েছেন ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ৪ জন শিশু। বিএসএফের পক্ষ থেকে তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করেছে।

এদিকে, এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে—ভারতে ‘এসআইআর’ চালুর আতঙ্কেই কি তারা হঠাৎ করে বিপুল সংখ্যায় দেশ ছাড়ার পরিকল্পনা করল? পুলিশ ও গোয়েন্দা বিভাগ এখন এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।