এসআইআর ফর্ম কাণ্ডে অবশেষে মুখ খুললেন মমতা! ‘না পূরণ না গ্রহণ’, বিস্ফোরক ফেসবুক পোস্টে বিরোধীদের দিলেন কড়া জবাব

রাজ্যজুড়ে এসআইআর (SIR) এনুমারেশন ফর্ম বিতরণ শুরু হওয়ার পর ভবানীপুরের বাড়িতে বিএলও-র ফর্ম পৌঁছে যাওয়া নিয়ে তৈরি হওয়া সমস্ত রাজনৈতিক জল্পনায় ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তার মাধ্যমে জানান, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, ততক্ষণ তিনি নিজে কোনও ফর্ম পূরণ করেননি এবং করবেনও না।”

গত বুধবার সকাল ১০টার কিছু পরে ভবানীপুরের ৭ নম্বর ওয়ার্ডের ৭৭ নম্বর বুথের বিএলও অমিতকুমার রায় ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাসভবনে নির্ধারিত এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছন। রাতের মধ্যেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, মুখ্যমন্ত্রী নিজে হাতে ফর্ম গ্রহণ করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তরজা শুরু হয়।

অবশেষে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে পরিস্থিতি স্পষ্ট করেন। তিনি লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।”

তিনি আরও দৃঢ়তার সঙ্গে জানান, “এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এন্যুুমারেশন ফর্ম গ্রহণ করেছি !'”

রাজনৈতিক আবহ:

উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, যা ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে নির্বাচন কমিশন করলেও, তৃণমূল কংগ্রেস এটিকে ঘুরপথে এনআরসি (NRC) চালুর চেষ্টা হিসেবে দেখছে। এই প্রক্রিয়ার বিরোধিতা করে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন। মমতা বলেন, “এসআইআর-এর নাম করে ঘুরপথে নাগরিকত্ব (NRC) করার চেষ্টা হচ্ছে,” এবং অভিষেক হুঁশিয়ারি দেন যে, কোনো বৈধ নাগরিকের নাম বাদ গেলে আন্দোলন দিল্লি পর্যন্ত গড়াবে। এই উত্তেজনার আবহেই মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও-র ফর্ম পৌঁছে যাওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছিল।