ভারতীয় আকাশসীমায় নিজেদের দাপট বজায় রাখতে এবার এক বিশ্বখ্যাত নামকে নিজেদের সিইও (CEO) হিসেবে নিয়োগ করল দেশের বৃহত্তম বিমান সংস্থা ‘ইন্ডিগো’ (IndiGo)। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ এবং আইএজি (IAG)-এর প্রাক্তন প্রধান উইলিয়াম ওয়ালশ (Willie Walsh) হতে চলেছেন ইন্ডিগোর পরবর্তী কাণ্ডারি। পিটার এলবারসের আকস্মিক পদত্যাগের পর এই হাই-প্রোফাইল নিয়োগ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দিয়েছে।
কে এই উইলিয়াম ওয়ালশ? উইলিয়াম ওয়ালশ বর্তমানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)-এর ডিরেক্টর জেনারেল পদে কর্মরত। এর আগে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের সিইও হিসেবে আন্তর্জাতিক স্তরে ব্যাপক সাফল্য পেয়েছেন। সংস্থার চেয়ারম্যান বিক্রম সিং মেহতা জানিয়েছেন, “উইলিয়ামের দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বাজারের জ্ঞান ইন্ডিগোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।” আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
কেন এই রদবদল? গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং যাত্রী দুর্ভোগের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইন্ডিগো। এর জেরেই গত ১১ মার্চ পদত্যাগ করেন পিটার এলবারস। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া জানিয়েছেন, ইন্ডিগো এখন রূপান্তরের একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে উইলিয়ামের মতো পোড়খাওয়া নেতার নেতৃত্ব অত্যন্ত জরুরি ছিল।