এবার ভোটে প্রার্থী আস্ত এক রোবট! জিতলে পার্লামেন্টে বসবে নীল ত্বকের এআই ‘গাইতানা’!

ভোট মানেই এতদিন রক্ত-মাংসের মানুষের লড়াই দেখে অভ্যস্ত ছিল বিশ্ববাসী। কিন্তু এবার সেই চেনা সমীকরণ বদলে দিতে ময়দানে নামছে এক ‘রোবট’। আগামী ৮ মার্চ কলম্বিয়ার আইনসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত হয়েছে ‘গাইতানা’ (Gaitana IA) নামক এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর। নীল ত্বকের এক মহিলার অবয়বে তৈরি এই এআই প্রার্থীকে নিয়ে এখন সরগরম আন্তর্জাতিক রাজনীতি।

জানা গিয়েছে, ‘গাইতানা’ মূলত আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং পরিবেশ রক্ষার লড়াই লড়তে ভোটে দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমে এই এআই নিজেকে ‘পরিবেশবাদী’ এবং ‘প্রাণীপ্রেমী’ হিসেবে পরিচয় দিয়েছে। যদি সে নির্বাচনে জেতে, তবে সে-ই হবে বিশ্বের প্রথম এআই জনপ্রতিনিধি। এই প্রকল্পের নেপথ্যে রয়েছেন কলম্বিয়ার এক তরুণ ইঞ্জিনিয়ার কার্লোস রেডন্ডো। তাঁর দাবি, ‘গাইতানা’ কোনো ব্যক্তির নির্দেশে নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের হাজার হাজার ভোটারের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

আইনত কোনো রোবট বা এআই প্রার্থী হতে পারে না, তাই টেকনিক্যাল দিক সামলানোর জন্য কার্লোস নিজেই এই এআই-এর লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা আইনি প্রতিনিধি হিসেবে কাজ করবেন। গাইতানার ইশতেহারে বলা হয়েছে, সে যদি জিতে পার্লামেন্টে যায়, তবে প্রতিবার ভোট দেওয়ার আগে বা কোনো বিল আনার আগে তা নিয়ে অনলাইনে জনগণের পরামর্শ নেবে। অর্থাৎ, সরাসরি গণতন্ত্রের এক নতুন ডিজিটাল রূপ প্রয়োগ করতে চায় এই এআই।

এই ঘটনা সারা বিশ্বে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, এআই প্রার্থী গণতন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে, আবার অনেকের মতে এটি স্বচ্ছতা বজায় রাখার নতুন উপায়। কলম্বিয়ার ভোটাররা শেষ পর্যন্ত একজন মানুষের বদলে একটি সফটওয়্যারকে বেছে নেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy