২০২২ সালের সেই শোরগোল ফেলে দেওয়া নগদ ৫০ কোটি উদ্ধার এবং গ্রেফতারির স্মৃতি ফের উসকে দিয়ে এবার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিকের পর এবার গ্রুপ সি ও ডি নিয়োগ সংক্রান্ত অনিয়মের তদন্তে ইডি-র নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় তিন বছরেরও বেশি সময় কারাবাসের পর গত বছর নভেম্বরেই সবকটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ফের সক্রিয় হয়ে উঠেছেন। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা থেকে তাঁর প্রার্থী হওয়ার জল্পনাও শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। তবে তদন্তকারীদের দাবি, এর আগে সিবিআই পার্থকে এসএসসি মামলায় জেরা করলেও, ইডি-র পক্ষ থেকে এই নির্দিষ্ট মামলায় তাঁকে এবং অর্পিতাকে এর আগে কখনও মুখোমুখি বসিয়ে জেরা করা হয়নি।
চলতি মাসেই কেবল পার্থ বা অর্পিতা নন, এই মামলার সঙ্গে যুক্ত আরও বেশ কয়েক জন প্রভাবশালীকে তলব করার পরিকল্পনা রয়েছে ইডির। মূলত টাকার উৎস এবং লেনদেনের জাল কতদূর বিস্তৃত, তা জানতেই এই তৎপরতা। রাজনৈতিক মহলের মতে, ভোটের দোরগোড়ায় এই নতুন করে তলব পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে ফের অনিশ্চয়তার মুখে ফেলে দিতে পারে।