এবার আসছে ইলন মাস্কের ‘বেবি গ্রক’, ছোটদের জন্য কি নিরাপদ হবে এই এআই চ্যাটবট?

বিশ্বের অন্যতম সমালোচিত এআই চ্যাটবট ‘গ্রক’-এর একটি বিশেষ সংস্করণ এবার ছোটদের জন্য নিয়ে আসার কথা ঘোষণা করেছেন এক্স (X)-এর সিইও ইলন মাস্ক। মাঝে মাঝেই ভুলভাল এবং আনফিল্টারড উত্তরের জন্য গ্রক-এর সমালোচনা হয়ে থাকে। হিটলারের প্রশংসা কিংবা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক মন্তব্যের কারণে এই চ্যাটবট প্রায়শই খবরের শিরোনামে থাকে। এই আবহে ছোটদের জন্য এর একটি ভার্সন আনার ঘোষণা বেশ কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে, ছোটদের জন্য তৈরি এই নতুন ভার্সনটির নাম হবে ‘বেবি গ্রক’। এটিতে নিরাপত্তা সংক্রান্ত কড়া ফিল্টারিং ব্যবস্থা থাকবে বলে মনে করা হচ্ছে। যাতে কোনো সার্চ রেজাল্টই শিশুদের জন্য ক্ষতিকর না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। যদিও ইলন মাস্ক ‘বেবি গ্রক’ সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি, তবে ধারণা করা হচ্ছে, এটিতে একাধিক নিরাপত্তার বলয় থাকবে। এই চ্যাটবটটি অশালীন এবং অপ্রাসঙ্গিক কন্টেন্ট ব্লক করবে এবং শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত বিষয়বস্তু সহজবোধ্য ভাষায় শিশুদের সামনে তুলে ধরবে।

‘বেবি গ্রক’-এ সম্ভবত পেরেন্টাল কন্ট্রোল-এর অপশনও থাকবে, যার মাধ্যমে অভিভাবকরা শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো আপত্তিকর বা বিপজ্জনক বক্তব্য যাতে শিশুদের সামনে না আসে, তার জন্য এতে শক্তিশালী ফিল্টার থাকবে বলে আশা করা হচ্ছে।

ইলন মাস্কের এই পদক্ষেপকে প্রযুক্তি জগতে একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গুগল-ও শিশুদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, ‘বেবি গ্রক’-এর মডেলটি হয়তো গুগলের নতুন এআই চ্যাটবটের কিছু বৈশিষ্ট্য থেকে অনুপ্রাণিত হতে পারে। যদিও গ্রকের মূল ভার্সনটি তার বিতর্কিত উত্তরের জন্য পরিচিত, কিন্তু ‘বেবি গ্রক’ শিশুদের জন্য একটি নিরাপদ এবং শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।