রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত রাজনীতির ময়দান। এই আবহে বাংলার ঘরে ঘরে সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে নতুন তথ্য সামনে আনল নবান্ন। ২০২৬-এর অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন, যা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হয়েছে।
বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা পাচ্ছেন মাসিক ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির (SC/ST) মহিলারা পাচ্ছেন ১৭০০ টাকা করে। তবে এপ্রিল মাসের শুরুতে অনেক গ্রাহকের অ্যাকাউন্টে মাত্র ৫০০ টাকা বা কারও ক্ষেত্রে ১২০০ টাকা ঢোকায় বিভ্রান্তি ছড়িয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সমস্যার মূলে রয়েছে প্রযুক্তিগত ত্রুটি (Technical Glitch)।
মূলত যারা গত বছরের ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, তাঁদের বকেয়া মেটানোর প্রক্রিয়ার কারণেই এই ধোঁয়াশা তৈরি হয়েছে। নবান্ন স্পষ্ট করেছে যে, যাদের টাকা কম ঢুকেছে বা প্রযুক্তিগত কারণে আটকে আছে, তাঁদের বাকি টাকা দ্রুত ডিবিটি-র (DBT) মাধ্যমে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কোনো আবেদনকারীই তাঁর প্রাপ্য থেকে বঞ্চিত হবেন না।





