‘এখন সিকিম আসবেন না’, লাচেনে ধসের কবলে পড়ে পর্যটকদের সাবধান করলেন খোদ ভুক্তভোগী!

সিকিমের মনোরম প্রকৃতি এখন পর্যটকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রবল তুষারপাত ও ধসের জেরে লাচেনে আটকে পড়েছেন এক হাজারেরও বেশি পর্যটক, যাদের মধ্যে বড় একটি অংশ পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটক। গ্যাংটকের হোটেল এবং সোশ্যাল মিডিয়া মারফত আসা খবরে জানা যাচ্ছে, বহু পর্যটক গত কয়েকদিন ধরে বরফে কার্যত বন্দি।
বিপর্যস্ত পর্যটকদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। লাচেন-ডনকিলা-শিবমন্দির রুটে যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। সরাসরি লাচেন থেকে উদ্ধার সম্ভব না হওয়ায় ডোকলাম, জিরো পয়েন্ট ও লাচুং হয়ে ঘুরপথে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। উদ্ধারকাজে সহায়তা করছে আইটিবিপি (ITBP) এবং স্থানীয় পুলিশও।
বিপদে পড়া পর্যটক ভোলা শেখ জানান, লাচেন থেকে ঝুম থাং যাওয়ার রাস্তায় ভয়াবহ ধস নেমেছে। নতুন রাস্তা তৈরি হতে অন্তত ২-৩ মাস সময় লাগতে পারে। প্রশাসন পর্যটকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং জরুরি প্রয়োজনে ৯৯০৭৯৫৬৭০৫ ও ০৩৫৯২২৮১০০৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।