‘এক সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে!’ ভরা মঞ্চ থেকে বিজেপিকে নজিরবিহীন হুঁশিয়ারি মমতার

এসআইআর (SIR) বা ভোটার তালিকা যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে মেজাজ হারালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং সিএএ-এনআরসি আতঙ্কের আবহে মমতার এই ‘ধমকানি’ এখন রাজ্য রাজনীতির হট টপিক।

এদিন ভরা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না। একটা কমিউনিটি আছে, যারা এক সেকেন্ডে আপনাদের ১২টা বাজিয়ে দেবে।” তিনি নাম না নিলেও, তাঁর এই মন্তব্য ঘিরে ইতিপূর্বেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা ও ভোটার তালিকার নামে একটি বিশেষ অংশের মানুষকে টার্গেট করা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

মমতা আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এই ধরণের ‘এসআইআর’ তল্লাশি চালানো হচ্ছে। তাঁর সাফ কথা, বাংলার মাটিতে দাঁড়িয়ে দিল্লির দাদাগিরি বরদাস্ত করবে না তাঁর দল। মমতার এই কড়া দাওয়াইয়ের পর বিজেপির পক্ষ থেকেও পালটা প্রতিক্রিয়া আসার অপেক্ষায় রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy