এক লাফে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি! ১ অক্টোবর থেকে রাজ্যের শিক্ষকদের জন্য কার্যকর হল নতুন নির্দেশিকা

উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্যের প্রচুর সংখ্যক চুক্তিভিত্তিক স্কুল শিক্ষক-শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষকদের জন্য বড়সড় বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্য সরকারের স্কুল শিক্ষাদফতরের প্লানিং অ্যান্ড বাজেট শাখার পক্ষ থেকে এই মর্মে একটি নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ও রাজ্যপালের উচ্চপর্যায়ের অনুমোদনের পরই স্কুল শিক্ষাদফতরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, নতুন এই নির্দেশিকা ১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হয়েছে, যা দীর্ঘ দিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

নয়া এই নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারা টিচার ও এসএসকে-র সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। পাশাপাশি উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,৫২৩ টাকা হয়েছে। এছাড়া শিক্ষাবন্ধুদের নতুন বেতন ধার্য করা হয়েছে ১৪,৯৫৪ টাকা এবং স্পেশাল এডুকেটরদের বেতন বেড়ে ১৯,৯২৪ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক (নতুন বেতন ২০,২১৮ টাকা), অ্যাকাডেমিক সুপারভাইজার (১৮,৭৮১ টাকা) এবং পিএ-কাম-ডিইও-দের (১৯,৭৭৪ টাকা) বেতনও ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মুখ্য শিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন একলাফে ৬,০০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ২২,১৭৮ টাকা ও ২৫,৬৯২ টাকা করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের পরিমাণ অনুযায়ী তিন ধাপে বেতন বাড়ানো হয়েছে—যাঁদের বেতন ২৫ হাজার টাকার নিচে তাঁদের ৫,০০০ টাকা, ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে থাকা কর্মীদের ৭,০০০ টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতনভুক্ত কর্মীদের ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে।