ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একুশের মতো হিংসা ও প্রাণহানির পুনরাবৃত্তি রুখতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মামলাকারী। বুধবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই হাই-প্রোফাইল জনস্বার্থ মামলার শুনানি হতে চলেছে। মামলায় স্পষ্ট দাবি জানানো হয়েছে— ভোটপূর্ব এবং ভোট-পরবর্তী কোনো হিংসাই বরদাস্ত করা যাবে না। অতি স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রতিটি বুথে সিসিটিভি এবং ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করার আর্জি জানিয়েছেন মামলাকারী।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই রাজ্যে এসে কড়া বার্তা দিয়েছেন যে, কোনো ভোটারের ওপর চাপ সৃষ্টি করা সহ্য করা হবে না। তবে কমিশনের আশ্বাসের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের রথযাত্রায় হামলা ও অশান্তির অভিযোগ উঠছে। এই আবহে আদালতের হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি এবং মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগকেও মামলার নথিতে গুরুত্ব দেওয়া হয়েছে।