এক ধাক্কায় ১০ টাকা পর্যন্ত বাড়ছে দুধের দাম! বড় সিদ্ধান্ত নিল সরকার, পকেটে টান আমজনতার

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মাঝেই এবার সাধারণ মানুষের হেঁশেলে বড়সড় ধাক্কা। এক ধাক্কায় লিটার প্রতি ১০ টাকা পর্যন্ত বাড়ছে দুধের দাম। দুগ্ধজাত পণ্যের সংগঠনগুলির দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে দাম বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকেই দুধের লিটার প্রতি দাম ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘নন্দিনী’ দুধের দাম বাড়ল কতটা?

মূলত ‘নন্দিনী’ ব্র্যান্ডের দুধের দাম বাড়াতেই সরকারের কাছে দরবার করেছিল মিল্ক ইউনিয়নগুলি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সংগঠনগুলির দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার লিটার প্রতি ৮ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছেন। দুধ উৎপাদনকারী চাষি ও ইউনিয়নগুলির সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলেও স্বভাবতই এতে উদ্বেগের মেঘ দেখা দিয়েছে মধ্যবিত্তের কপালে।

চূড়ান্ত সিদ্ধান্ত আটকে নির্বাচন কমিশনে!

ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হলেও এখনই নতুন দাম কার্যকর হচ্ছে না। বর্তমানে ওই রাজ্যে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল (MLC) নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি বা ‘কোড অফ কনডাক্ট’ চালু রয়েছে। ফলে দাম বাড়ানোর বিষয়টি বাস্তবায়িত করতে এখন নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কমিশনের সবুজ সংকেত পেলেই কার্যকর হবে এই নতুন দর।

মধ্যবিত্তের পকেটে টান, বাড়বে খাদ্য সংকটের উদ্বেগ

সকালের চা-কফি থেকে শুরু করে শিশুদের পুষ্টি—দুধের মতো নিত্যপ্রয়োজনীয় উপাদানের দাম লিটার প্রতি ৮-১০ টাকা বেড়ে যাওয়ায় প্রতি মাসের বাজেটে ব্যাপক প্রভাব পড়বে। একদিকে পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনায় জ্বালানি সংকট ও বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কালো মেঘ, তার ওপর রান্নাঘরের এই নিত্যপ্রয়োজনীয় উপাদানের দাম বৃদ্ধি মধ্যবিত্তের দুর্ভোগ আরও বহুগুণ বাড়িয়ে দিল।