বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের পর দিল্লির সাংবাদিক বৈঠকে কড়া মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) যে কার্যকর হবেই, তা এদিন ফের স্পষ্ট করে দেন তিনি। তুষ্টিকরণের রাজনীতির তীব্র সমালোচনা করে শাহ জানান, আইন সবার জন্য সমান হওয়া উচিত।
এদিন ধর্মীয় রীতির দোহাই দিয়ে বহুবিবাহের প্রথা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এক দেশে কেউ একটা বিয়ে করবে, আর কেউ চারটে—এটা হতে পারে না। সামাজিক ন্যায় নিশ্চিত করতে অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত জরুরি।” তাঁর এই মন্তব্য যে আগামী দিনে দেশের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।
পাশাপাশি, তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিও নিয়েও কড়া প্রতিক্রিয়া জানান শাহ। ওই ভিডিওর বিষয়বস্তুকে উস্কানিমূলক বলে অভিহিত করে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শাহের দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের ‘বিভেদকামী’ মানসিকতাকে সমূলে উৎপাটন করা হবে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে কড়া হিন্দুত্ব ও উন্নয়নের মিশেলে নতুন সংঘাতের বার্তা দিলেন চাণক্য।





