একসঙ্গে মরার নাটক! বিষ খেল প্রেমিক, কিন্তু সরে দাঁড়াল প্রেমিকা; উত্তরপ্রদেশের এই ঘটনায় তোলপাড়

উত্তরপ্রদেশের বরেলীতে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে প্রেমিককে বিষ খাইয়ে নিজে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক প্রেমিকার বিরুদ্ধে। এই ঘটনার জেরে প্রেমিকের মৃত্যুর পর মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে মৃত যুবকের প্রেমিকা গুরপ্রীত কৌর, তাঁর মা পিন্দর কৌর এবং ভাবি সতেন্দর কৌর।

মৃত যুবকের নাম রবীন্দ্র সিং, যিনি শাহজাহানপুরের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা গুরমেল সিং পুলিশকে দেওয়া অভিযোগে জানান যে, রামপুরের চন্দুয়া নাগলার বাসিন্দা গুরপ্রীত কৌর তাঁর ছেলেকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। অভিযোগ, সেই সুযোগে রবীন্দ্রর কিছু ব্যক্তিগত ভিডিও বানিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁকে লাগাতার ব্ল্যাকমেইল করা হতো। ব্ল্যাকমেইলের জেরে রবীন্দ্রর কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকাও হাতিয়ে নেওয়া হয়। টাকা ফেরত চাইলে উল্টে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।

গত ১৪ সেপ্টেম্বর রাতে গুরপ্রীত রবীন্দ্রকে ফতেহগঞ্জ পশ্চিম এলাকার একটি টোল প্লাজার কাছে ডেকে পাঠান। সেখানে দুজনের মধ্যে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা হয়। পরিকল্পনা অনুযায়ী রবীন্দ্র বিষ খেয়ে ফেললেও গুরপ্রীত তা খাননি বলে অভিযোগ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবীন্দ্রর মৃত্যু হয়। শুধু তাই নয়, মৃত্যুর পর রবীন্দ্রর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, ঘটনার পর গুরপ্রীত হাসপাতালে ভর্তি হওয়ার নাটক করেন এবং সুস্থ হয়ে পরদিনই বাড়ি চলে যান। হাইওয়ে অঞ্চলের সিও দেবেনেশ সিং জানিয়েছেন, মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে খুব শীঘ্রই আদালতে চার্জশিট দাখিল করা হবে।