“একটা মানুষ এইভাবে বাঁচতে পারেন না”-দেবচন্দ্রিমার শহর ছাড়ার ইঙ্গিত, জেনেনিন কেন?

মুম্বাই ছেড়ে কলকাতায় আসার পর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় একের পর এক অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি তার আবাসনের ভেতরেই ঘটে যাওয়া এক ঘটনায় তিনি এতটাই আতঙ্কিত যে, শহর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি নিজের এই হেনস্থা এবং নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন।
দেবচন্দ্রিমা তার পোস্টে ঠিক কী ধরনের হেনস্থা বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা স্পষ্ট করেননি। তবে তিনি লিখেছেন যে, বেশ কিছু দিন ধরেই তার নাম ব্যবহার করে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে—কখনও তার সম্পর্ক নিয়ে, কখনও অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ঘটনায় বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
তিনি আরও লেখেন, “আজকে (রবিবার) আমার আবাসনে চূড়ান্ত কিছু ঘটে গিয়েছে আর আমি খুব আতঙ্কিত। আমি হেনস্তা হয়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।” এই পরিস্থিতিতে তার সবকিছু বন্ধ করে শহর ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে বলেও তিনি জানান।
দেবচন্দ্রিমা জানান, তিনি পুলিশকে সবকিছু জানিয়েছেন এবং পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে। তবে তিনি বলেন, “নিজের বাড়িতে সাধারণ একটা মানুষ এইভাবে বাঁচতে পারেন না।” তিনি মনে করেন, শহর ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান নয়, কিন্তু তার মনে হচ্ছে “এই শহর আর আমার নেই”।
নিজের পোস্টে তিনি আরও লেখেন যে, কোনো নারী যেন এমন পরিস্থিতির শিকার না হন। তিনি এই ঘটনার পেছনে কারা রয়েছে, তা জানেন না, তবে তিনি বিশ্বাস করেন যে একদিন সত্যিটা সামনে আসবে। দেবচন্দ্রিমা আক্ষেপ করে বলেন, “নিজের শহরে দেহরক্ষী নিয়ে ঘোরার মেয়ে আমি নই। তবু সেটাই করতে হচ্ছে।” কারণ, মানুষের ওপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছে।