একটা টেবিলে শুরু, এখন তৈরি হয় দিনে ৩০ হাজার মোমো! মাত্র ২০০০ টাকা বিনিয়োগে সফল ব্যবসায়ী দিল্লির যুবক

চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করা সহজ নয়, আর হাতে যদি মাত্র ২০০০ টাকা পুঁজি থাকে, তবে তা আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই সামান্য পুঁজিকে সম্বল করেই মাত্র এক বছরের মধ্যে ৫৬ লক্ষ টাকার তাক লাগানো টার্নওভার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দিল্লির তরুণ কবীর সিং। তাঁর এই সফল উদ্যোগের নাম ‘Oye! Momo’। কানাডা যাওয়ার ভিসা বাতিল হওয়ার পর জীবনকে নতুন মোড় দিতেই খাবারের ব্যবসায় নামেন তিনি।
তিন প্রজন্ম ধরে খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারে জন্ম নেওয়া কবীর বিদেশি স্বপ্নের পিছু না ছুটে বাস্তব অভিজ্ঞতার পথ বেছে নেন। Shark Tank India-র জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘Theka Coffee’-তে টানা চার বছর কাজ করে তিনি ব্যবসার অন্দরমহল খুব কাছ থেকে শেখেন। এক বছরে ১০০ কোটি টাকার বেশি টার্নওভারের উত্থান দেখে তিনি বুঝতে পেরেছিলেন, সঠিক পরিকল্পনা থাকলে খাবারের ব্যবসায় বড় কিছু করা সম্ভব।
বাজারের চাহিদা বুঝে অভিনব কৌশল নেন কবীর। তিনি লক্ষ্য করেন, দিল্লির বহু রেস্তোরাঁ, ফুড ট্রাক ও ক্লাউড কিচেনে মানসম্মত মোমোর নিয়মিত সরবরাহের অভাব রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ২০২৫ সালে দিল্লির দক্ষিণ অংশের একটি বাজারে ছোট্ট একটি টেবিল নিয়ে ‘Oye! Momo’-এর যাত্রা শুরু করেন তিনি। তাঁর ভাই একটি স্টিমার এনে দিয়েছিলেন এবং কাঁচামাল কেনার জন্য প্রাথমিক বিনিয়োগ ছিল মাত্র ২০০০ টাকা। শুরুতে মায়ের ও পরিচারিকার সাহায্যে বাড়ির রান্নাঘরেই মোমো তৈরি হতো।
তবে দ্রুত ব্যবসার পরিধি বদলানোর সিদ্ধান্ত নেন কবীর। নিজস্ব স্টল বা দোকান খুলে বসার পরিবর্তে তিনি ‘Oye! Momo’-কে একটি B2B সাপ্লায়ার ব্র্যাণ্ডে রূপান্তরিত করেন। অর্থাৎ বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে ও ফুড ট্রাকের জন্য তাজা মোমো তৈরি করে সরবরাহ শুরু করেন। বর্তমানে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে অর্ডার নিয়ে রাতে উৎপাদন করে সকাল ৮টার মধ্যে ক্রেতাদের হাতে তা পৌঁছে দেওয়া হয়।
আজ এই ক্ষুদ্র উদ্যোগ প্রতিদিন প্রায় ৩০ হাজার মোমো তৈরি করছে। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমেও সরাসরি গ্রাহকদের কাছে মোমো পৌঁছে দিচ্ছে সংস্থাটি। মাত্র ২০০০ টাকার প্রাথমিক বিনিয়োগ এবং বাড়ির রান্নাঘর থেকে শুরু হওয়া এই ব্যবসা আজ এক বছরের মধ্যে ৫৬ লক্ষ টাকার টার্নওভারে পৌঁছে গেছে। কবীরের এই সাফল্যের গল্প প্রমাণ করে যে সঠিক স্ট্র্যাটেজি এবং কঠোর পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করে সফল হওয়া সম্ভব।