একই দিনে গলা কেটে জোড়া খুন! ঘরে দু’ কাপ চা আর রক্তের দাগ দেখে শিউরে উঠলেন ভাই

একই দিনে জোুড়া খুনের রক্তক্ষয়ী ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে মালদা জেলার ইংরেজবাজার এলাকায়। দু’টি আলাদা ঘটনায় নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে দুই ব্যক্তিকে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রথম ঘটনাটি ঘটেছে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। সেখানে ৬০ বছরের অর্ণব সেন নামে এক বৃদ্ধ নিজের বাড়িতে একা ছিলেন। সকালে তাঁর ভাই পিন্টু সেন বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখেন এবং ঘরে রক্তের দাগ দেখতে পান। বিছানায় মুখে বালিশ চাপা অবস্থায় অর্ণববাবুর গলাকাটা দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি চায়ের কাপ ও বাথরুমে রক্তের দাগ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচিত কেউ ঘরে এসে এই খুন করেছে এবং সম্ভবত বৃদ্ধ নিজে হাতে চা তৈরি করে অতিথিকে খাইয়েছিলেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সাট্টারি এলাকায়। সেখানে শীলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নিহতের দিদি ও পরিবারের অভিযোগ, শীলার স্বামীর সঙ্গে তাঁর বউদির অবৈধ সম্পর্ক ছিল। আর সেই পরকীয়ার জেরে পরিকল্পিতভাবেই স্ত্রীকে খুন করে সন্তানকে সঙ্গে নিয়ে ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিল স্বামী। এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের ছোটো ছেলে জানিয়েছে, বাবাকে রক্তমাখা বালতি হাতে ও মাকে খাটের তলায় লুকিয়ে রাখতে দেখেছে সে। জোড়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ফরেন্সিক টিমের সাহায্য নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।