উৎসবের মাঝে শহরে ‘দাপাদাপি’! কফির কাপ দিয়ে কীভাবে পাকড়াও করা হলো ‘পলাতক’ স্পাইডার মাঙ্কিকে?

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার ছোট্ট শহর ইওটাভিলে প্রতি বছর পালিত হয় বিশেষ ইওটাভিল উৎসব (Eutawville Festival)। ঠিক সেই উৎসবের মরশুমেই ঘটে গেল এক মজাদার ঘটনা। একটি মাকড়সা বাঁদর বা স্পাইডার মাঙ্কি (Spider Monkey) সকলের অলক্ষ্যে তার মনিবের বাড়ি থেকে বেরিয়ে শহরে দাপাদাপি শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় এই বাঁদরের কাণ্ডকারখানা দ্রুত ভাইরাল হতে থাকে। এমনকি একজন শহরের রাস্তায় তার ছবি তুলে পোস্টও করে দেন।

মেয়র নেমে এলেন রাস্তায়
শহর জুড়ে উৎসব চলছে, আর এই সময় বাঁদরের দাপাদাপির খবর পেয়ে শহরের মেয়র নিজেই সক্রিয় হয়ে ওঠেন। মেয়র তাঁর স্ত্রী এবং এক সরকারি কর্মীকে নিয়ে বেরিয়ে পড়েন সেই বিশেষ প্রজাতির বাঁদরটিকে পাকড়াও করতে। উদ্দেশ্য ছিল—সে যাতে শহরবাসীকে কোনওভাবে বিব্রত না করে।

বাঁদরটিকে ধরা যাচ্ছিল না কিছুতেই। অবশেষে একটি পার্কের কাছে মেয়র এবং ওই মহিলা সরকারি কর্মী বাঁদরটিকে তাড়া করতে থাকেন। তাতেও বাঁদরটিকে ধরা সম্ভব হয়নি। ঠিক তখনই ওই মহিলা সরকারি কর্মীর মাথায় একটি ফন্দি আসে।

কফির কাপের কেরামতি
ওই মহিলা একটি কফির কাপ নিয়ে সেটিকে এক জায়গায় রেখে দেন, যা থেকে ধোঁয়া বার হচ্ছিল। কৌতূহলী বাঁদরটি দূর থেকে সেই ধোঁয়া দেখে বুঝতে পারছিল না সেটা কী! কফি কাপটিকে পর্যবেক্ষণ করার জন্য সে কাছে এসে হাজির হয়।

আর সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে পাকড়াও করার কাজটা অনেক সহজ হয়ে যায়। যদিও এই অভিযানের মাঝেই এক মহিলা এসে দাবি করেন যে ওই মাকড়সা বাঁদরটি তাঁর পোষা। ফলে সেটি তাঁর হাতেই তুলে দেওয়া হয়।

এ যাত্রায় আমেরিকার এই ছোট্ট শহরটি একটি কফির কাপের কেরামতিতেই বাঁদরের দাপাদাপির হাত থেকে রক্ষা পেল।