‘উন্মাদের হাতে পরমাণু অস্ত্র থাকলে সর্বনাশ’! খামেনেইকে খতমের পর ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ও আমেরিকার সংঘাত পঞ্চম দিনে প্রবেশ করতেই রণংদেহি মেজাজে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই যুদ্ধে মার্কিন সেনাবাহিনী প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে। তাঁর ভাষায়, “১০-এর স্কেলে আমি আমাদের পারফরম্যান্সকে ১৫ দেব।”

মানবাধিকার সংস্থা HRANA-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত ১,০৯৭ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং ৫,০০০-এর বেশি মানুষ আহত। অন্যদিকে, মার্কিন সেন্টকম জানিয়েছে যে যুদ্ধে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

ট্রাম্প সরাসরি অভিযোগ তুলেছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে শামিল হয়েছে। তিনি বলেন, “যখন উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকে, তখন খারাপ কিছু ঘটা স্বাভাবিক।” শনিবার ইজরায়েলের সাথে যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করার পর, ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই যৌথ বিমান অভিযান অব্যাহত থাকবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প বর্তমানে কুর্দি গোষ্ঠীগুলিকে সমর্থনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ‘রক্তের বিনিময়ে’ মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে তেহরানে শাসকবদলই ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে হোয়াইট হাউস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy