উন্নাও ধর্ষণ কাণ্ডে বিরাট মোড়! কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

২০১৭ সালের দেশ কাঁপানো উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। তবে সাজা স্থগিত হলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের এই চার বারের প্রাক্তন বিধায়ক।

আদালত জানিয়েছে, কুলদীপকে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের তিনজন জামিনদার পেশ করতে হবে। পাশাপাশি তাঁকে নিজের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং প্রতি সোমবার নিয়ম করে থানায় হাজিরা দিতে হবে। আদালতের কড়া নির্দেশ, কুলদীপ কোনোভাবেই নির্যাতিতার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আসতে পারবেন না এবং তাঁকে দিল্লিতেই অবস্থান করতে হবে।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার টোপ দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল কুলদীপের বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু এবং পরবর্তীতে নির্যাতিতার পথ দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। আদালত স্পষ্ট করে দিয়েছে, নির্যাতিতা ও তাঁর মায়ের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্বও কুলদীপের ওপর বর্তাবে এবং কোনো শর্ত লঙ্ঘন করলে তৎক্ষণাৎ জামিন বাতিল করা হবে।