উত্তাল নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মুখ খুলল চিন, নাগরিকদের জন্য জারি কড়া সতর্কতা

নেপালে জেন-জি আন্দোলনের জেরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার পর সেনাবাহিনীর হাতে নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে গেছে। এই পরিস্থিতিতে প্রথম আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে চিনের পক্ষ থেকে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সকল পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নেপাল এবং চিন ঐতিহ্যগতভাবে ভালো বন্ধু এবং প্রতিবেশী। আমরা আশা করি, যত দ্রুত সম্ভব এই সামাজিক অস্থিরতা ও সহিংসতা বন্ধ হবে।” ওলির পদত্যাগ নিয়ে সরাসরি মন্তব্য করতে তিনি রাজি হননি, তবে ওলিকে ‘চিনপন্থী নেতা’ হিসেবে উল্লেখ করে তার ভূমিকা স্বীকার করেছেন।

চিন নেপালে অবস্থানরত তার নাগরিকদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লিন জিয়ান জানান, এখনও কোনো চিনা নাগরিক আহত হননি। তবে তিনি তাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে নেপালের চিনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ওলি সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন এবং সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন। তবে দেশে ব্যাপক বিক্ষোভের মুখে তাকে পদত্যাগ করতে হয়।