২০২৬-এর বিধানসভা নির্বাচনের মহারণে এবার সরাসরি ময়দানে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-এর লোকসভা থেকে উত্তরবঙ্গ যেভাবে বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে, সেই ধারা বজায় রাখতেই এবার মোদীর প্রচার অভিযান শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে। বিজেপি সূত্রে খবর, আগামী ১২ এপ্রিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম নির্বাচনী জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। মূলত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে উত্তরবঙ্গের ভোটারদের মন জয় করতেই এই বিশেষ পরিকল্পনা।
বিজেপির অন্দরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু—রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ সাজাতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে মার্চ মাসেই কলকাতায় ব্রিগেডের জনসভা এবং একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে মোদী বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন। এবার বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের ৫৪টি আসন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলোতে পদ্মশিবিরের আধিপত্য ধরে রাখতেই মোদীকে দিয়ে প্রচার শুরু করানোর কৌশল নিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ির সভার পর দক্ষিণবঙ্গের আসানসোল এবং কলকাতাতেও প্রধানমন্ত্রীর একগুচ্ছ রোড-শো ও সভা করার কথা রয়েছে। মোদীর এই ‘উত্তর-দক্ষিণ’ মিশেল ২০২৬-এর নির্বাচনী লড়াইকে কোন দিকে মোড় দেয়, এখন সেটাই দেখার।