বকেয়া মহার্ঘভাতা বা ডিএ (DA) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কাটছে না জটিলতা। উল্টে বকেয়া পাওনার দাবিতে বৃহস্পতিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারী সংগঠনের ডাকে আজ ‘কালীঘাট অভিযান’ কর্মসূচিতে উত্তপ্ত মহানগরী। ধর্মতলার মেট্রো চ্যানেলে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ভিড় জমিয়েছেন কয়েক হাজার সরকারি কর্মী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধর্মতলায় নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, এই মিছিলের কোনো পুলিশি অনুমতি নেই, তাই নির্দিষ্ট দূরত্বের আগেই আন্দোলনকারীদের আটকে দেওয়া হবে। ডিএ মেটানোর পাশাপাশি শূন্যপদে নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে অনড় আন্দোলনকারীরা। প্রখর রোদ উপেক্ষা করেই মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে পুরো এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ এবং যান চলাচল আংশিক ব্যাহত হচ্ছে।