বঙ্গ বিধানসভার মহারণ শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে মাস্টারস্ট্রোক বিজেপির! এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বড়সড় আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
উচ্চশিক্ষায় ৫০ হাজার ও চাকরিতে ১৫ হাজার! সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন শুভেন্দু। বাজকুল দেশপ্রাণ রেল স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড-শো করার পর জনসভায় দাঁড়িয়ে তিনি একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেন। শুভেন্দু জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে ছাত্রীরা উচ্চশিক্ষার পথে এগোতে চান, তাঁদের হাতে এককালীন ৫০,০০০ টাকা তুলে দেওয়া হবে।
শুধু পড়ুয়াই নয়, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্যও রয়েছে সুখবর। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরিপ্রার্থীদের এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার।
স্কুল শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও বড় সংকল্প এদিনের জনসভা থেকে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে তৃণমূল সরকারকে একহাত নেন শুভেন্দু। তিনি আশ্বাস দেন, “বিজেপি ক্ষমতায় এলে সরকারি স্কুলগুলিকে আধুনিকরণ করা হবে। এমন পরিকাঠামো তৈরি হবে যে সাধারণ মানুষকে আর বেসরকারি স্কুলের দিকে তাকাতে হবে না।”
পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ কার্ড চালুর প্রতিশ্রুতিও পুনরায় স্মরণ করিয়ে দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, প্রথম দফা ভোটের ঠিক আগে ছাত্র সমাজ ও চাকরিপ্রার্থীদের মন জয় করতেই শুভেন্দুর এই ‘ক্যাশ কার্ড’ রাজনীতি।
একনজরে শুভেন্দুর বড় ঘোষণা:
উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রীদের জন্য: ৫০,০০০ টাকা (এককালীন)
চাকরিপ্রার্থীদের জন্য: ১৫,০০০ টাকা (এককালীন)
শিক্ষা: সরকারি স্কুলের আধুনিকরণ।
স্বাস্থ্য: রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু।





